বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এ হচ্ছেটা কী? গতকাল বোর্ড সভা হয়েছে প্রায় ৯ ঘণ্টা। এরপর একে একে পদত্যাগ করেছেন ৪ জন পরিচালক। গত অক্টোবরে বিসিবির দায়িত্ব পাওয়া পরিচালনা পর্ষদের বয়স এখনও ছয় মাস হয়নি। কিন্তু ২৫ পরিচালকের মধ্যে ইতিমধ্যেই সাতজন সরে দাঁড়িয়েছেন।
বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে ৩ জন বোর্ড পরিচালকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল বোর্ড সভার পর জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিন পরিচালক- সানিয়ান তানিম, মেহরাব আলম এবং ফাইজুর রহমান তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। তবে রাতেই আরেক পরিচালক মনজুর আলমও পদত্যাগ করেন।
এই ৪ পরিচালক পদত্যাগ করেছেন আরেক পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকের পদত্যাগের মাত্র দুই দিন পর। আচমকা এমন ধারাবাহিক পদত্যাগে বোর্ডে কোনো অস্বস্তি আছে কিনা তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে গতকাল সংবাদ সম্মেলনে বোর্ডের পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা দাবি করেন, পরিচালকদের পদত্যাগের ঘটনায় বোর্ডের ভেতরে কোনো অস্বস্তি ও অস্থিরতা নেই।
আরেক বিসিবি পরিচালক ইফতেখার রহমান অবশ্য মেনে নিচ্ছেন, এত পরিচালকের পদত্যাগ স্বাভাবিক ব্যাপার নয়। তবে এই ব্যাপারটির গভীরে যেতে চাননি এই বোর্ড পরিচালক, “স্বাভাবিক কেন বলব? স্বাভাবিক নয়। তবে যার যার ব্যক্তিগত কারণে করেছে… যদি দেখতাম যে কোনো একটা ঘটনা হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে পদত্যাগ করেছে… তারা যে আলোচনা করে পদত্যাগ করেছে, এরকম তো নয়। ব্যক্তিগতভাবে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা ব্যক্তিগত কারণই বলেছে।”
এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান পদ থেকে অপসারণের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে আমজাদ হোসেন পদত্যাগ করেন। একইভাবে গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ইশতিয়াক সাদিকও কদিন আগে পদত্যাগ করেন।
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের অক্টোবরের নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ইতোমধ্যে নির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের পর সরকার যদি বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে। যার প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হচ্ছে। সম্ভাব্যভাবে একজন সাবেক অধিনায়ক এই অন্তর্বর্তী কমিটির প্রধান হবেন, যেখানে ১১ জন সদস্য থাকতে পারেন।
চেতনায়২৪ ডেস্ক : 






































