চাচার কোনো পুত্রসন্তান না থাকলেই তার সম্পত্তির মালিকানা ভাতিজারা পাবেন, এমন ধারণা সঠিক নয়। ইসলামী উত্তরাধিকার আইন অনুযায়ী, ভাতিজারা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলেই চাচার সম্পত্তির অংশীদার হতে পারেন।
এ ক্ষেত্রে মৃত ব্যক্তির অন্য উত্তরাধিকারীদের উপস্থিতি এবং আত্মীয়তার নৈকট্য গুরুত্বপূর্ণ।
ইসলামী উত্তরাধিকার বিধানে ভাতিজারা ‘আসাবাহ’ বা অবশিষ্টভোগী উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হন। অর্থাৎ নির্ধারিত অংশের উত্তরাধিকারীদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, তা পাওয়ার অধিকার তাদের হতে পারে।
ইসলামী বিধান অনুযায়ী, মৃত ব্যক্তির ছেলে, ছেলের ছেলে, পিতা, দাদা কিংবা সহোদর ভাইয়ের মতো নিকটবর্তী পুরুষ উত্তরাধিকারী জীবিত থাকলে সাধারণত ভাতিজারা সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হন।
অন্যদিকে, এসব নিকটবর্তী উত্তরাধিকারী না থাকলে এবং ভাতিজাদের চেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত কোনো পুরুষ আসাবাহ জীবিত না থাকলে তারা অবশিষ্ট সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন।
এ বিষয়ে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘নির্ধারিত অংশগুলো তাদের প্রাপকদের দিয়ে দাও। এরপর যা অবশিষ্ট থাকে, তা মৃত ব্যক্তির সবচেয়ে নিকটবর্তী পুরুষ আত্মীয়ের জন্য।’ (সহিহ বুখারি, হাদিস ৬৭৩২ ও ৬৭৩৭; সহিহ মুসলিম, হাদিস ১৬১৫)।
সুতরাং শুধু চাচার পুত্রসন্তান না থাকার কারণে ভাতিজারা তার সম্পত্তির উত্তরাধিকারী হবেন, এমনটি বলা যায় না। মৃত ব্যক্তির স্ত্রী, কন্যা, পিতা-মাতা, ভাই-বোনসহ অন্য উত্তরাধিকারীদের উপস্থিতি এবং তাদের সঙ্গে ভাতিজাদের আত্মীয়তার অবস্থান বিবেচনা করেই সম্পত্তির ভাগ নির্ধারণ করতে হবে।
জমিজমা হেবা দলিল
Tareq Jamil 




































