রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ সকাল ৭টা থেকে ঈদগাহ ময়দানের চারপাশে দৃশ্যমান ছিল দীর্ঘ লাইন। পল্টন মোড়, মৎস্য ভবন এবং হাইকোর্টের সামনে মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জামাতের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন এবং ক্বারী হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। প্রায় ৩ লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট আয়তনের এই মাঠে একসাথে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
এদিকে রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঈদুল ফিতরের নামাজ বঙ্গভবনে আদায় করবেন। আর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়বেন।
চেতনায়২৪ ডেস্ক : 


































