লক্ষ্মীপুর সদরের পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার দক্ষিণ হামছাদি ও তেওয়ারীগঞ্জে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলেন, দক্ষিণ হামছাদি ইউনিয়নের হোসেন আহম্মেদর ৮ বছরের শিশুকন্যা হাফসা আক্তার ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের সুমনের দুই বছরের শিশুপুত্র মো. সোহাগ।
জানা গেছে, সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন থেকে দুই শিশুকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করে। তারা দু’জন পুকুরের পানিতে ডুবে মারা যায়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ বলেন, দুই শিশুকে আমরা মৃত পেয়েছি। পরিবারের লোকজন তাদের মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে।
মোঃ নিজাম উদ্দিন 




































