মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাস্টারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ বুধবার (৪ ডিসেম্বর) ভোরে সাটুরিয়া ফুকুরহাটি নিজ বাসস্থান থেকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে হামলা ও স্কুল ভাঙচুরের ঘটনায় গত ৭ সেপ্টেম্বর সাটুরিয়া থানায় করা এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপির নেতা মো. শাহিন খান বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন।
সাটুরিয়া থানা ওসি মো. শাহিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।