চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিং অনুশীলনে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলাকালে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গুলিবিদ্ধ বাবু হোসেন (৩২) চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মণ্ডলপাড়ার হামিদ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, বাবু হোসেন মোটরসাইকেলযোগে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বুলেট তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা ও বুলেট অপসারণের জন্য বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘তার বুকের বাম পাশে একটি বুলেট প্রায় এক ইঞ্চি মতো বিদ্ধ হয়েছে। এখানে অস্ত্রোপচার সম্ভব হয়নি। রাজশাহী মেডিকেলে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই দুই দিনব্যাপী ফায়ারিং কার্যক্রম চলছে। তবে গুলিটি কোথা থেকে ছোড়া হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।’
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আমরা জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চেতনায়২৪ ডেস্ক : 




































