গোপালগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের (৩২) ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বড় ডুমরাশুর এলাকায় সাভানা ইকোপার্ক ও রিসোর্টের মেইন গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন জানান, বিকেলে সাতপাড় এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ডা. কেএম বাবরের নির্বাচনি জনসভায় গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে সাভানা পার্কে ঘুরতে যান। তখন সাভানা পার্কের এক স্টাফের কাছে পার্কের ভিতরে মটোরসাইকেল ঢুকানো নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটলে ম্যানেজারসহ অন্যান্যরা বিষয়টি মীমাংসা করে দেন। পরে রাতে পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন জানান, পার্কের এক স্টাফের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদলের সভাপতির সঙ্গে থাকা এক যুবক ওই স্টাফকে থাপ্পড় মারেন। পরে মিকাইল পার্ক থেকে বের হয়ে চলে আসার সময় স্থানীয় লোকজন ও পার্কের স্টাফরা তার ওপর হামলা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।
চেতনায়২৪ ডেস্ক : 




































