মুন্সিগঞ্জ শহরের গণকপাড়া এলাকায় কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় পুলিশ শুক্রবার রাতে বাবা ও ছেলেকে আটক করেছে। স্থানীয়রা হামলা চালিয়ে ভাঙচুর করলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুন্সিগঞ্জ শহরের গণকপাড়া এলাকায় কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে হাসিব তাঁর বাড়ির পাশে একটি কোরআন শরীফে আগুন দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার রাত ১১টার দিকে উত্তেজনা বাড়তে থাকে। এ সময় ক্ষুব্ধ জনতা হাসিবের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাত দেড়টার দিকে তারা স্থানীয়দের শান্ত করে তাঁদের দুজনকে আটক করে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়ে যায়।
তবে আটকের আগে বাবা-ছেলের বক্তব্য জানা যায়নি।
ওসি আরও জানান, নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন রয়েছে। এ ঘটনায় শনিবার সদর থানায় একটি মামলা হয়েছে।
চেতনায়২৪ ডেস্ক : 




































