বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের তালুকদার পাড়া এলাকায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক বেকারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত জহুরুল ইসলাম ওই এলাকার হাজরাদিঘি গ্রামে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।
স্থানীয়রা জানান, সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল। এরপর তিনি আর ফেরেননি। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নেয় বগুড়া সদর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, এটি একটি হত্যাকাণ্ড। মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
চেতনায়২৪ ডেস্ক : 




































