অপারেশন ‘ক্লিন লীগের’ মাধ্যমে সারাদেশের আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের।
শনিবার বিকেলে নোয়াখালীর হাতিয়ায় ‘ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে ছাত্র সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আব্দুজ জাহের বলেন, শত শত নিরপরাধ ছাত্র জনতা হত্যা করার পরও এখন পর্যন্ত সারাদেশে আওয়ামী সন্ত্রাসীরা নির্বিগ্নে ঘুরাফেরা করছে, প্রশাসন তাদেরকে গ্রেপ্তার না করে থানায় বসে বসে কি করছে? আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার না করার পিছনে কোন উপদেষ্টার হাত আছে কিনা তাও খতিয়ে দেখা উচিত।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারনে মানুষজন দিশেহারা হয়ে পড়ছে উল্লেখ করে উপদেষ্টাদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশ সংস্কার করার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে জনরোষও নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার মেরুদণ্ড আরেকটু শক্ত করুন। এত কোমল মেরুদণ্ড দিয়ে এদেশের সংস্কার তো দূরের কথা, ফ্যাসিবাদের উচ্ছেদও সম্ভব না।
আলোচনা সভার শুরুতে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা তামজিদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নোয়াখালী জেলার সদস্য সচিব মামুন, যুগ্ম আহবায়ক আযহার উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব উদ্দিন, সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক সাহারাজ,হাতিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নেয়ামত উল্লাহ নিরব, সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ, নোয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন প্রমুখ।
সাদ্দাম হোসেন রকি 




































