লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে পুলিশ হতে বরখাস্ত মো. সোহেল নামে এক ব্যক্তিকে একটি চাকুসহ আটক করা হয়েছে। তার কাছে পুলিশের ভুয়া আইডিকার্ড পাওয়া যায়। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৩ টার দিকে প্রেস ক্লাব সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়৷
অভিযুক্ত সোহেলের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প থেকে জানানো হয়, ভুয়া পুলিশ সদস্য পরিচয়ে সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদরের প্রেস ক্লাবের নিকটে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে পুলিশ হতে বরখাস্ত মো. সোহেল নামে একজন পুলিশের ভুয়া আইডিকার্ডধারীকে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার সময় একটি চাইনিজ আধুনিক চাকুসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত সরঞ্জামাদি লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
মোঃ নিজাম উদ্দিন 




































