দুপুর সাড়ে ১১টার দিকে স্টেশনে মুখোমুখি সংঘর্ষের মুখে পড়ে দুটি যাত্রীবাহী ট্রেন। তবে চালকদের দ্রুত সিদ্ধান্ত এবং রেলওয়ে কর্মীদের তৎপরতায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সৌভাগ্যবশত, এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্টেশন সূত্রে জানা গেছে, বেলা ১১টা ২৩ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা স্টেশনের হোম সিগন্যাল পেরিয়ে ২ নম্বর লাইনে ঢুকতে শুরু করে। একই সময়ে বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সিগন্যাল ওভারশুট করে একই লাইনে প্রবেশ করতে থাকে। এই বিপজ্জনক পরিস্থিতিতে দুই ট্রেনের চালকই তাৎক্ষণিক হুইসেল দিয়ে ব্রেক কষেন।
দ্রুত সিদ্ধান্ত নিয়ে পদ্মরাগ ট্রেনটিকে পুশব্যাক করে ১ নম্বর লাইনে সরিয়ে নেওয়া হয়, ফলে একটি মারাত্মক সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। দুই ট্রেনেই তখন আনুমানিক হাজারের বেশি যাত্রী অবস্থান করছিলেন, যাদের মধ্যে অনেকেই ঘটনার সময় আতঙ্কিত হয়ে পড়েন।
পীরগাছা রেলওয়ে স্টেশনমাস্টার জেনারুল ইসলাম গণমাধ্যমকে জানান, কন্ট্রোল রুমের নির্দেশনা অনুযায়ী দোলনচাঁপাকে ২ নম্বর লাইনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পদ্মরাগ ট্রেনের লোকোমাস্টার সিগন্যালের অপেক্ষা না করেই লাইনে প্রবেশ করেন। তিনি তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতনদের অবহিত করেন।
চেতনায়২৪ ডেস্ক : 





































