বান্দরবানে শুরু হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা’২৫। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে বান্দরবান ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এএসএম মাহমুমুদুল হাসান।
এসময় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মেজর এমএম ইয়াসিন আজিজ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি জাবেদ রেজাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান বলেন, বান্দরবানের পাহাড়ী জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের মানসম্পন্ন খেলোয়াড়ে পরিণত করার এই মহৎ প্রক্রিয়ার নেতৃত্ব সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দিয়ে যাচ্ছে। সেনাবাহিনী কেবল শান্তি ও নিরাপত্তারক্ষী নয়; বরং শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং ক্রীড়া বিকাশে নিরলসভাবে কাজ করছে। এ ধরনের টুর্নামেন্টই একদিন দেশের জাতীয় ফুটবল দলে বান্দরবানের তরুণদের জায়গা করে দেবে।
তিনি আরও বলেন, খেলাধুলা সমাজের শৃঙ্খলা, ঐক্য ও সম্প্রীতির প্রতীক। এটি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখে এবং সুস্থ মানসিকতা গড়ে তোলে। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না; বরং নেতৃত্ব, সহনশীলতা ও দলবদ্ধ চেতনা তৈরি করে জাতি গঠনে অপরিহার্য।” এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
উদ্বোধনী খেলায় অংশ নেয় সাঙ্গু ভয়েস ক্লাব বনাম পুরাতন চড়–ই পাড়া একাদশ। খেলার শুরুর দিকে টান টান উত্তেজনা থাকলেও প্রথমার্ধে মাঠ কাপিয়ে ১-০ গোলে এগিয়ে যায় পুরাতন চড়–ই পাড়া একাদশ। উক্ত টুর্ণামেন্টে বান্দরবান সদর উপজেলার ১০টি দল অংশগ্রহণ করেন।
এদিকে খেলা দেখতে আশাপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক স্টেডিয়ামে জড়ো হয় এবং তারা উল্লাসে মেতে উঠে। টানা কয়েকদিনব্যাপী এই টুর্ণামেন্ট খেলাধুলার উৎকর্ষের পাশাপাশি পাহাড়ি জনপদের সামাজিক বন্ধন, সম্প্রীতি ও ঐক্যের এক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন আয়োজকরা।
সোহেল কান্তি নাথ 





































