বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বান্দরবান সেনা জোনের উদ্যোগে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জেলা শহরের সড়ক ও জনপদ কলোনী এলাকায় উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি। এসময় ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে চাল, চিনি, তেল, লবণ, ডাল, আলু, পেঁয়াজসহ প্রত্যেক পরিবারকে নগদ ২ হাজার ৫শ টাকা করে প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান বলেন, সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে। আপনাদের এই দুঃসময়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। যা আপনাদের জীবনযাত্রার সাময়িক সংকট মোকাবিলায় সহায়ক হবে। তিনি বলেন, আগুনে ঘরবাড়ি হারানো কষ্টকর। কিন্তু সাহস ও ধৈর্য ধরে থাকলে সবকিছু আবারো নতুন করে গড়ে তোলা সম্ভব। আমরা আপনাদের পাশে আছি, প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সোমবার (২৪ মার্চ) রাত ৯ টার সময় বান্দরবান জেলা শহরে সিএমবি কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে নগদ টাকাসহ ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এর আগেও গত শুক্রবার একই এলাকাতে অগ্নিকান্ডের ৪ টি বসত ঘর পুড়ে যায়।
চেতনায়২৪ ডেস্ক : 




































