বগুড়ায় নবগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সংগঠনের একাংশ ও কমিটিতে স্থান না পাওয়া আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বগুড়া জিলা স্কুলের প্রধান ফটকের সামনে সাংবাদিক সম্মেলন করে তারা এই দাবি জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিগত ১৫ বছরে সবচেয়ে বেশি বঞ্চিত ও বৈষম্যের শিকার হয়েছে বগুড়ার মানুষ। জুলাই বিপ্লবে শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে সেখানে আবারো নতুন করে বৈষম্যের শিকার হলো বগুড়ার শিক্ষার্থীরা। গত ২৯ জানুয়ারি কেন্দ্র থেকে ঘোষিত নবগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটিতে স্থান পাওয়া একাধিক নেতৃবৃন্দের তীব্র সমালোচনা করে বলেন, তারা নিষিদ্ধ ছাত্রলীগের মতো সিন্ডিকেট কমিটি মানেন না, আর কখনো মানবেনও না।
কমিটিতে স্থান পাওয়া অনেকেই জুলাই বিপ্লবের আন্দোলনে কোথাও কোনো ভূমিকা রাখেননি। এছাড়াও কমিটিতে স্থান করে দেয়া হয়েছে অনেক বিতর্কিত মানুষকেও। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বগুড়ার কমিটি বাতিল করার আহ্বান জানান শিক্ষার্থীদের একাংশ। নইলে জুলাই আন্দোলনের শিক্ষাকে কাজে লাগিয়ে কমিটি বাতিলে কঠোর কর্মসূচি ঘোষণা দেন তারা।
সাংবাদিক সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত জেলা শাখার কয়েকজন নেতৃবৃন্দসহ বগুড়া জিলা স্কুল, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
চেতনায়২৪ ডেস্ক : 




































