অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ এইচপি দল। মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিং এবং সাব্বির রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে নর্দান টেরিটোরি স্ট্রাইককে ৩ উইকেটে হারিয়েছে ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন দল।
এটি টুর্নামেন্টে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। ৬ ম্যাচে পাঁচ জয় ও ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ এইচপি। একই সঙ্গে নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট।
মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নর্দান টেরিটোরি। শুরু থেকেই বাংলাদেশের অফস্পিনার মোহাম্মদ রুবেলের বোলিংয়ের সামনে চাপে পড়ে স্বাগতিক দলটি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে সক্ষম হয় তারা। জর্ডান সিল্ক ৩১ রান করে দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন। ম্যাট হ্যামন্ডের ব্যাট থেকে আসে ২৬ রান, আর ক্যালে ম্যাকমোহন করেন ২৫।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ৩০ বছর বয়সি রুবেল। মাত্র ২১ রান খরচ করে তিনি তুলে নেন ৫ উইকেট। এই পারফরম্যান্সের মাধ্যমে টুর্নামেন্টে তার মোট উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ২০-তে। ৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে এখন পর্যন্ত বোলিং তালিকার শীর্ষে রয়েছেন তিনি। তার পেছনে থাকা নর্দান টেরিটোরির হামিশ মার্টিনের উইকেট ১১টি।
জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেলেও দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। আরিফুল হক ১০ এবং হাবিবুর রহমান সোহান ২২ রান করে ফিরে যান। এরপর তিন নম্বরে নেমে দলের ইনিংসের হাল ধরেন সাব্বির রহমান রুম্মন।
মাঝে শামীম পাটোয়ারী ১১, অধিনায়ক ইরফান শুক্কুর ১৭ এবং এসএম মেহরব ৮ রান করে ফিরলেও সাব্বির একপ্রান্ত আগলে রাখেন। টানা দ্বিতীয় ফিফটির দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও শেষ পর্যন্ত ৩৭ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে আউট হন তিনি।
সাব্বিরের বিদায়ের পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষ দিকে সামিউন বশিরের ঝোড়ো ১৭ রান এবং আব্দুল গাফফার সাকলাইনের গুরুত্বপূর্ণ বাউন্ডারিতে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ এইচপি। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে দলটি।
এই জয়ের পর সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা বাংলাদেশ এইচপি আগামী ৩০ আগস্ট সকালে একই ভেন্যু মারারা ক্রিকেট গ্রাউন্ডে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে।
স্পোর্টস ডেস্ক 





































