রাজধানীর কাঁঠালবাগান ঢাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মো. নয়ন (২৫) ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল শুক্রবার মারা যান ।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার শ্বশুর এরশাদ আলী কান্নায় ভেঙে পড়েন। জানাজায় ইমামতি করেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
নয়ন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোব্দা এলাকায় লোকমান হোসেনের ছেলে । সে কাঁঠালবাগান এলাকায় থেকে মোটরসাইকেলের গ্যারাজে কাজ করত।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে কাঁঠালবাগান ঢালে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়।
নিহত নয়নের শ্বশুর মো. এরশাদ আলী বলেন, নয়ন কাঁঠালবাগান ঢাল এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। ওই এলাকায় গত ৪ আগস্ট দুপুরের দিকে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ না ফেরার দেশে চলে গেছেন।
জানাজা শেষে নয়নকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হয়। সেই খানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
চেতনায়২৪ ডেস্ক : 


































