সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর, সাবেক ছাত্রনেতা জাকির খানসহ সকল কারাবন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আজ শনিবার ( ২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত, সকল রাজবন্ধির নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, জনাব আসিফ নজরুল আইনের একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত সম্মানিত জায়গায় আছেন, তার পক্ষ থেকে বাংলাদেশের মানুষ অন্তত ন্যায় বিচার আশা করে। ন্যায় বিচারের দৃষ্টান্ত দেখাতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মামলাগুলো যেভাবে একে একে আইনের দৃষ্টিতে বাতিল হয়ে যাচ্ছে, একইভাবে আব্দুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর এবং সাহসী সৈনিক জাকির খানসহ এদের মামলাগুলি আপনার নির্দেশনায় হওয়া উচিত। আশা করি তাদের মুক্তির ব্যবস্থা করবেন।
এসময় তিনি আরও বলেন, সংস্কার বা অন্য কোন অজুহাত দেখিয়ে দিনের পর দিন মানুষকে অধিকার বঞ্চিত করে রাখার কোন যুক্তি আপনারা খুঁজে বের করতে পারবেন না। যদি তাই হয় তাহলে আবার বিএনপির পক্ষ থেকে জেলায় জেলায় যেতে হবে, বিভাগে বিভাগের সমাবেশ করতে হবে। বাংলাদেশের মানুষ আজকে তাদের জীবন ধারণের জন্য সামান্য জিনিস কেনার সমর্থ্য নাই। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না, কেন কালোবাজারিদের ধরতে পারছেন না, সীমান্ত হত্যা বন্ধ করতে পারছেন না।
হুঁশিয়ারি দিয়ে আলাল আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেখানে যেখানে গাপটি মেরে থাকা অতীত সরকারের যারা এখনো আছে, তাদেরকে অবিলম্বে সেখান থেকে সরিয়ে দেন, তাদেরকে গ্রেপ্তার করেন, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন, যদি না করেন তাহলে আমাদের মিছিলের সারি আরও লম্বা হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, সুলতান সালাউদ্দিন টুকু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
নিজস্ব প্রতিবেদক 


































