লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তালিকায় অনেকদিন ধরেই আছেন বলিউড তারকা সালমান খান। ধারণা করা হচ্ছে বাবা সিদ্দিকিকে হত্যার পেছনেও হাত রয়েছে এই গ্যাংয়ের। এরপর তালিকায় যুক্ত হয় মুনাওয়ার ফারুকি নাম। এবার হুমকি দেওয়া হলো অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে।
তবে সালমান, মুনওয়ারকে লরেন্স হুমকি দিলেও বিক্রান্তর হুমকিদাতা তিনি নন। তাকে হুমকি দেওয়া হয়েছে মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর কারণে।ছবিটি নির্মাণ করা হয়েছে ২০০২ সালে গোধরা-কাণ্ডের প্রেক্ষাপটে। তাতেই নাকি মুহুর্মুহু হুমকি।
তবে বিক্রান্তের দাবি, ছবিতে তথ্যের কোনো হেরফের হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “একের পর এক হুমকিবার্তা পাচ্ছি আমি। আমরা ছবির গোটা টিম বিষয়টি দেখছি এবং জোট বেঁধে সামাল দিচ্ছি। আমরা শিল্পী। আমরা গল্প বলি। ছবি পুরোপুরি তথ্য ভিত্তিক।”
অভিনেতা আরও বলেন, “এই ছবি এখনও মুক্তি পায়নি। তাই আগে থেকেই কোনো ধারণা তৈরি করে ফেলা ঠিক নয়।”
শুরু থেকেই ছবিটি নিয়ে বিতর্ক। এরকম একটি সিনেমায় অভিনয়ের কারণে জানতে চাইলে বিক্রান্তের হয়ে এর আগে প্রযোজক একতা কাপুর বলেছিলেন, “এই ছবিতে কোনো ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করা হয়নি। একজন গল্পকারের দক্ষতা তো এখানেই! এই ছবির জন্য কোনো রাজনীতিবিদ বা নেতারও পরামর্শ নিইনি। আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই।”
‘দ্য সবরমতী রিপোর্ট’ নির্মাণ করেছেন ধীরজ শর্মা। এতে বিক্রান্ত ম্যাসি ছাড়াও অভিনয় করেছেন রাশি খন্না ও ঋধি ডোগরা।। ১৫ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।
বিনোদন ডেস্ক 






































