আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবেই হেরেছে বাংলাদেশ। আফগানদের দেয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা এগোচ্ছিলেন ভালোই। তবে মাঝপথে হঠাত ছন্দপতন, আর তারই সূত্র ধরে ব্যাটিং বিপর্যয়।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ নিজেদের প্রথম উইকেট হারায় দলীয় ১২ রানে। তবে দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন সৌম্য সরকার ও নাজমুল শান্ত। কিন্তু দুজনের কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। ৩৩ রানে সৌম্য ফেরার পর শান্ত আউট হন ৪৭ রানে। এরপর মেহেদী মিরাজও ফিরেন ২৮ রানে। মিরাজ যখন সাজঘরে ফিরেন তখন টাইগারদের স্কোরবোর্ডে ৪ উইকেট ১২৮ রান। এরপর যেন এলো এক ঝড়, আর সেই ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল টাইগারদের ব্যাটিং অর্ডার।
এরপর আর মাত্র ১১ রান তুলতেই বাকি ছয় উইকেট হারায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়রা একের পর এক আউট হওয়ায় বাংলাদেশ শেষ পর্যন্ত অল আউট হয় ৩৪.৩ ওভারে ১৪৩ রানে, আফগানিস্তান জয় পায় ৯২ রানের।
দলের এমন ব্যাটিং বিপর্যয় নিয়ে আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মিরাজ। উইকেট হঠাত করেই বদলে গেছে বলে জানিয়েছেন তিনি। মিরাজ বলেন, ‘আমি আর শান্ত যখন ব্যাটিং করছিলাম উইকেটটা সহজ মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বলটা যখন একটু সফট পুরোনো হয়ে গেছে, বল বেশি টার্ন নিতে শুরু করে। মাঝখানে আমি আর শান্ত খুব সংগ্রাম করছিলাম, আমরা সেট ব্যাটার থাকাকালীন।’
মিরাজের মতে শান্তর সঙ্গে ম্যাচটা তারই শেষ করে আসা উচিত ছিল। তিনি বলেন, ‘সেই সময়টা আমরা যেভাবে সেট ছিলাম। আমাদের মধ্যে কারও ম্যাচ শেষ করে আসা উচিত ছিল। আমি শান্তকে বলছিলাম আমাদের যেমন সমস্যা হচ্ছিল, খেলতে পরের ব্যাটারদের জন্য সমস্যা আরও বেশি হবে। উইকেটে বল এমন টার্নিং হচ্ছিল স্লো, সোজা বল আসছিল।’
খেলা শেষ করে না আসতে পারাকে নিজেদের ভুল জানিয়ে মিরাজ বলেন, ‘আপনি ধারণা করতে পারবেন না কোন বল টার্ন করবে, কোন বল সোজা চলে যাবে। এটা হঠাৎ করেই হয়েছিল। সেই সময়টা আমিও ভুল করেছি, শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই উইকেটে আমার মনে সেট ব্যাটারদের শেষ করে আসা উচিত ছিল। এটা আমি শান্ত দুজনেই ভুল করেছি।
স্পোর্টস ডেস্ক 






































