হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই ফ্লাইটে আসা সাত যাত্রীর ব্যাগেজ থেকে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তাদের এয়ারপোর্টের সি-শিফট জানতে পারে, মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের কয়েকজন যাত্রীর ব্যাগেজে বিদেশি মদ বহন করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে পূর্বপরিকল্পিত নজরদারি জোরদার করা হয়।
ফ্লাইটটি সকাল ১০টা ৪৩ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজে তল্লাশি চালান কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা।
তল্লাশিতে আজমুল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার, বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার, মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার এবং সাদ্দাম হোসাইনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, একই আন্তর্জাতিক ফ্লাইটের একাধিক যাত্রীর ব্যাগেজে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মদ পাওয়ার ঘটনাটি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
আটক মদের বিষয়ে প্রচলিত কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি সংঘবদ্ধভাবে সংগঠিত কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে একটি বিশেষ তদন্ত দল কাজ করবে।
Tareq Jamil 





































