প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, অবৈধ পন্থায় বিদেশ পাঠানোর যে চক্র আছে, এদের আইনের আওতায় আনতে হবে। গত মার্চ মাসে লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে মধ্যসাগরে ১০ জন মারা যাওয়ার ঘটনায় সুনামগঞ্জের দুটি থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষে যে মামলা হয়েছিল, এদের সমস্ত তথ্যসহ সবকিছু আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি পুলিশ সুপারকে এ নির্দেশ দেন।
আরিফুল হক চৌধুরী বলেন, শুধু স্থানীয়দের তথ্য দিলে হবে না, এর সঙ্গে জড়িতদের কেউ প্রবাসে থাকলেও তাদের ডাটা কালেক্ট করে মন্ত্রণালয়ে পাঠাবেন।
তিনি বলেন, প্রয়োজনে আমরা ওই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে প্রবাস থেকে তাদের ধরে নিয়ে আসব। আমি কিন্তু এক সপ্তাহ পরে এ ব্যাপারে জানতে চাইব। কাজেই ডিআইজি সাহেব ও পুলিশ সুপার বিষয়টা সিরিয়াসলি খেয়াল করবেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের সময় সে দেশের সরকার দশ হাজার কর্মী বিনা খরচে নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমাদের সরকার প্রধানও বলেছেন, ওই দেশের সরকার যেহেতু টাকা ফ্রি করে দিয়েছেন, আমিও সমস্ত কিছু ফ্রি করে দিয়ে সেদেশে লোক পাঠানোর ব্যবস্থা করব। সুনামগঞ্জের যেসব যুবক ভূমধ্যসাগরে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, সেসব পরিবার থেকে একজন করে সদস্য যাতে বিনা খরচে মালয়েশিয়া পাঠানো যায়, সে বিষয়টা আমরা বিশেষভাবে বিবেচনায় নেব।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার ইয়াং জেনারেশনের প্রশিক্ষণের জন্য ৫টি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র করে দেওয়া হবে। যাতে মানুষ প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে বিদেশে যেতে আগ্রহী হয়। প্রশিক্ষণের জন্য ভালো লেংগুয়েজ কোর্স- আরবি, জাপানি, কোরিয়ান এবং ইংরেজি কোর্সের প্রশিক্ষণ করাতে হবে। তবে এক্ষেত্রে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিদের কার্যকর দায়িত্ব পালন করতে হবে। পাঁচটি নির্বাচনি এলাকার সেন্টার পয়েন্ট দেখে দেখে কার্যক্রম শুরু করেন। আমরা আমাদের প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র করে দেব, তবে তা বাস্তবায়ন করতে সময় লাগবে। এজন্য বিভিন্ন পরিত্যক্ত সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান দেখে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করতে হবে। আপনার টিচারের ব্যবস্থা করেন, আমরা লজিস্টিক সাপোর্ট দেব। যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনিং সেন্টার এবং লেংগুয়েজ কোর্স চালু করার ব্যবস্থা করেন। এজন্য সরকারের পক্ষ যত ধরনের সহায়তা দেওয়া সম্ভব, আমরা দেব।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম ‘অবৈধ পথে বিদেশ গমন বিপদ ও বাস্তবতা’ বিষয়ে বাস্তবধর্মী প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
Tareq Jamil 



































