বিধানসভা নির্বাচনে জয়ের পর ক্ষমতায় এসেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে নতুন সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরু, ষাঁড়, বলদ, মহিষসহ যে কোনো পশু জবাইয়ের ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি পশু চিকিৎসকের দেওয়া ‘ফিটনেস সনদ’ নেওয়া বাধ্যতামূলক। এই সনদ ছাড়া কোনোভাবেই কোনো পশু জবাই করা যাবে না।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পশু জবাইয়ের ক্ষেত্রে বেশ কিছু কঠিন শর্ত বেঁধে দেওয়া হয়েছে নতুন এই বিজ্ঞপ্তিতে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো পশুর বয়স ১৪ বছরের বেশি হলে এবং সেটি যদি প্রজনন বা কাজ করার ক্ষমতা হারায়, তবেই কেবল জবাইয়ের অনুমতি মিলবে। এছাড়া আঘাত বা দীর্ঘস্থায়ী রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এই ফিটনেস সনদটি সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসককে যৌথভাবে প্রদান করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জবাইয়ের অনুমতি পাওয়া পশু কেবল নির্দিষ্ট কসাইখানা বা প্রশাসনের নির্ধারিত স্থানেই জবাই করতে হবে। রাস্তাঘাট বা জনসম্মুখে কোনোভাবেই পশু জবাই করা যাবে না। নিয়ম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা যেকোনো স্থাপনা বা এলাকা পরিদর্শন করতে পারবেন এবং এই কাজে বাধা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
আন্তর্জাতিক ডেস্ক 





































