আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনার পর ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি আলোর মুখ দেখছে।
রোববার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই লড়াই।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাচটি নিশ্চিত হওয়ার পরপরই দিল্লি ও মুম্বাই থেকে কলম্বোগামী ফ্লাইটের ভাড়া লাফিয়ে বেড়েছে। সাধারণত যে টিকিটের দাম ছিল প্রায় ৩০ হাজার রুপি, তা বেড়ে ৯০ হাজার রুপির বেশি হয়েছে। দিল্লি-কলম্বো রুটে ইকোনমি শ্রেণির ভাড়া পৌঁছেছে ১ লাখ ৩৯ হাজার রুপিতে, আর বিজনেস ক্লাসে ২ লাখ রুপিরও বেশি।
মুম্বাই থেকে প্রায় তিন ঘণ্টার ফ্লাইটে ১৫ ফেব্রুয়ারির যাত্রার জন্য ইকোনমি ভাড়া উঠেছে ৬০ হাজার রুপি পর্যন্ত। এয়ার ইন্ডিয়ার প্রিমিয়াম ইকোনমি ৮৪ হাজার রুপি। শ্রীলঙ্কান এয়ারলাইন্সে একই রুটে ইকোনমি ভাড়া ৬৩ হাজার ৩৪০ রুপি এবং বিজনেস ক্লাস ১ লাখ ৩৪ হাজার ১৫৭ রুপি পর্যন্ত উঠেছে।
হোটেল ভাড়াও আকাশছোঁয়া
বিমানভাড়ার মতোই কলম্বোর হোটেল ভাড়াতেও লেগেছে আগুন। ১৪ ও ১৫ ফেব্রুয়ারির জন্য তিন থেকে পাঁচ তারকা হোটেলের ডাবল রুমের প্রতি রাতের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার রুপির মধ্যে। সাধারণ সময়ে যেখানে একই কক্ষের ভাড়া থাকে ৪০ থেকে ৫০ হাজার রুপি।
চেতনায়২৪ ডেস্ক : 






































