বিএনপিপন্থী চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ‘ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)’ এর ৮ চিকিৎসকের দলীয় কার্যক্রমে অংশগ্রহণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে তারা ড্যাবসহ দলীয় কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সংগঠনটি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এরআগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী যেসব চিকিৎসকের প্রাথমিক সদস্যপদসহ ড্যাব, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের পদে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছিল, দল এখন সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রত্যাহার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইতোপূর্বে সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগে ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান এবং ডা. রাকিব উজ জামানকে বিভিন্ন পর্যায়ের পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
নতুন সিদ্ধান্তের ফলে এসব চিকিৎসক এখন থেকে পুনরায় ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেকোনো পর্যায়ের দায়িত্বে যুক্ত হতে পারবেন।
বিএনপি মনে করছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে অভ্যন্তরীণ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন ছিল। নতুন সিদ্ধান্ত দলীয় ঘরানায় পরিবর্তিত অবস্থানেরই প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে দলীয় সূত্রে।
বহিষ্কৃত নেতাদের মধ্য থেকে ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. মো. রাকিবুজ্জামান গত ৬ নভেম্বর সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় ড্যাব অফিসে চিঠি দেন। চিঠিতে তারা কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমাপ্রার্থনা করেন এবং জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানের অনুগত থেকে পুনরায় ড্যাব ও জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করার অনুমতি প্রার্থনা করেন।
পরে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আবেদনকারীদের বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সুপারিশ ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়। পরে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
চেতনায়২৪ ডেস্ক : 






































