হত্যা মামলার প্রধান আসামি ইমরান হোসেন বাবলু, যিনি কিনা ২ নম্বর যুগ্ম সমন্বয়কারীর পদ পেয়েছেন জুলাই বিপ্লবীদের গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটিতে!
গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত ৩৭ সদস্যের ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।
সেই কমিটিতে হত্যা মামলার প্রধান আসামি ইমরান হোসেন বাবলু পদ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় কর্মীরা।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জোবাইরুল আলম মানিক বলেন, ‘কমিটির বিষয়ে চট্টগ্রামের দায়িত্বশীলরা ভালো বলতে পারবেন। তবে অভিযোগ প্রমাণ হলে তার (ইমরান) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে এনসিপি।’
অন্যদিকে এনসিপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘কমিটি অনুমোদনের পর থেকে ইমরানের বিষয়ে অভিযোগ শুনতে পাচ্ছি। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, ইমরান কর্ণফুলী থানার জাফর হত্যা মামলার প্রধান আসামি। সম্প্রতি চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান তিনি। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান এবং ইয়াবা কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
গত ১৩ অক্টোবর রাতে নগরীর খুলশী এলাকা থেকে ইমরানকে গ্রেফতার করে পুলিশ। পরে হাইকোর্ট থেকে তিনি জামিন পান।
এর আগে গত ২৩ ডিসেম্বর কর্ণফুলী থানা পুলিশের এক বিশেষ অভিযানে ইমরানকে গ্রেফতার হয়েছিলেন। তিনি কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৪ আগস্ট চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া ফকির মসজিদের সামনে স্থানীয় জাফর আহমদকে হত্যা করা হয়। ওই ঘটনায় ইমরানকে প্রধান আসামি করে কর্ণফুলী থানায় মামলা হয়। এছাড়া চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দায়রা জজ আদালতে তার বিরুদ্ধে একাধিক চেক প্রতারণা মামলা বিচারাধীন।
নিহত জাফরের ছেলে মোহাম্মদ আবছার বলেন, ‘আমার বাবাকে হত্যার চার্জশিটভুক্ত প্রধান আসামি এনসিপির গুরুত্বপূর্ণ পদে এসেছে। এই ঘটনায় আমরা আতঙ্কিত। নানা সময়ে ইমরান আমাদের হুমকি দিত। কমিটিতে স্থান পেয়ে এখন সে আরও বেপরোয়া হবে।’
এদিকে অভিযোগের বিষয়ে ইমরানের দাবি, ‘স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ নেতারা ভূমি বিষয়ে বিরোধের জেরে আমাকে ষড়যন্ত্রমূলক ভাবে হত্যা মামলায় প্রধান আসামি করেছে। চেক প্রতারণার মামলাগুলোও ষড়যন্ত্রমূলক।’
চেতনায়২৪ ডেস্ক : 






































