দীর্ঘদিনের বিতর্কিত কাফালা (অভিভাবকত্ব) ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে সৌদি আরব। দেশটি গত পাঁচ দশক ধরে বিদেশি শ্রমিকদের চাকরি ও বসবাসের অনুমতি নিয়ন্ত্রণ করতো এই ব্যবস্থার মাধ্যমে।
জানা গেছে, দেশটির শ্রম মন্ত্রণালয় জুন ২০২৫-এ ঘোষিত এ সংস্কারের মাধ্যমে প্রায় ১ কোটি ৩০ লাখ প্রবাসী শ্রমিকের জন্য নতুন কর্মসংস্থান কাঠামো চালু করেছে। এদের অধিকাংশই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশ—বিশেষ করে বাংলাদেশ ও ভারতের নাগরিক।
সময়ের সঙ্গে এই কাঠামো শ্রমিকদের ওপর একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, সীমিত করে দেয় তাদের স্বাধীনতা ও অধিকার। নির্মাণ, গৃহকর্ম, হোটেল-রেস্তোরাঁ, কৃষিসহ নানা খাতে কর্মরত লক্ষ লক্ষ প্রবাসী এ ব্যবস্থার ভুক্তভোগী ছিলেন।
এই সংস্কার দেশটির ভিশন ২০৩০ উদ্যোগের অংশ, যার লক্ষ্য অর্থনীতিকে আধুনিকায়ন ও বিদেশি শ্রমিকদের কল্যাণ বৃদ্ধি করা। সৌদি কর্তৃপক্ষ একে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিলেও মানবাধিকার সংস্থাগুলো বলছে—বাস্তবায়নের মান ও পর্যবেক্ষণই নির্ধারণ করবে শ্রমিকদের প্রকৃত সুফল।
নতুন নীতির ফলে প্রবাসীরা আরও স্বাধীনভাবে চাকরির শর্ত নির্ধারণ করতে পারবেন, বেতন-সুবিধা নিয়ে আলোচনার সুযোগ বাড়বে, এবং কর্মক্ষেত্রে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক 





































