মেট্রোরেল চলাচলের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি অনুযায়ী যাত্রী পরিবহন শুরু করেছে এই গণপরিবহন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়লো মেট্রোরেলের সাতটি ট্রিপ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীদের সুবিধা বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাদে অন্যান্য দিনে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন এসেছে।
মেট্রোরেলের সূচি
রোববার উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। একই সঙ্গে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে।
এর আগে, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। এখন মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ছে সকাল ৭টা ১৫ মিনিটে। সপ্তাহের শুক্রবার মেট্রোরেলের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।
ট্রিপ সংখ্যা বাড়লো ৭টি
মেট্রোরেল চলাচলের বাড়তি সময়ের বিষয়ে ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন জানিয়েছেন, ‘চলাচলের সময় আজ থেকে বাড়ানো হয়েছে। এতে মেট্রোর ট্রিপের সংখ্যা বেড়েছে। আগে ছুটির দিন বাদে প্রতিদিন ২৩৬টি ট্রিপ হতো, নতুন সময় বাড়ার কারণে এখন তা ২৪৩টি হবে। সময় বৃদ্ধির ফলে দৈনিক ৭টি অতিরিক্ত ট্রিপ চালু হচ্ছে।’