পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে করাচি বন্দর থেকে আফগান ট্রানজিট ট্রেডের অধীনে পণ্য পরিবহন স্থগিত করেছে ইসলামাবাদ।
দ্য নিউজ ইন্টারন্যাশনালের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর)-এর জারি করা নির্দেশনা অনুসরণ করে, সব বন্দর টার্মিনালগুলো ইতোমধ্যেই যানবাহনে বোঝাই করা কন্টেইনার খালাস শুরু করেছে।
আফগান ট্রানজিট ট্রেডের মহাপরিচালক (ডিজি)-এর সভাপতিত্বে করাচির কাস্টমস হাউসে ট্রানজিট ট্রেড সদর দফতরের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ সিদ্ধান্ত নেয়া হলো।
এর আগে, কয়েক দফায় পাল্টাপাল্টি হামলার পর বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য আফগানিস্তানের সাথে একটি ‘অস্থায়ী যুদ্ধবিরতিতে’ সম্মত হওয়ার কথা জানায় পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, ‘তালেবানের অনুরোধে, আজ (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য, উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে, পাকিস্তান সরকার এবং আফগান তালেবান সরকারের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে এই ‘জটিল কিন্তু সমাধানযোগ্য’ সমস্যার একটি ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে বলেও জানানো হয়।
সূত্র: জিও নিউজ, দ্য ডন
চেতনায়২৪ ডেস্ক : 





































