মধ্যপ্রাচ্যে সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৪ অক্টোবর) ওয়াশিংটনে ফিরেছেন। সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৩ অক্টোবর) মিসরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ট্রাম্পসহ কয়েকজন বিশ্বনেতা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন।
ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,‘আমি এখন এক রাষ্ট্র বা দুই রাষ্ট্রের বিষয়ে কিছু বলছি না, আমরা এখন গাজা পুনর্গঠনের কথা বলছি। অনেকে এক-রাষ্ট্র সমাধান পছন্দ করেন, আবার কেউ দ্বি-রাষ্ট্রীয় সমাধান চান। দেখা যাক কী হয়,’ তিনি আরও বলেন,‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করিনি।’
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সম্মেলনে ভাষণ দেয়ার সময় বলেন,‘এটি একটি অনন্য এবং সম্ভবত শেষ ঐতিহাসিক সুযোগ-একটি স্থিতিশীল ও সমৃদ্ধ মধ্যপ্রাচ্য গড়ে তোলার।’তিনি পুনরায় দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ওপর জোর দিয়ে বলেন,‘এই সমাধানই আমাদের যৌথ সহযোগিতার স্বপ্নকে বাস্তবায়ন করবে-এলাকার জনগণ ও দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার মাধ্যমে।’
ট্রাম্পের এই নীরবতা এমন এক সময়ে এল, যখন মাত্র কয়েক সপ্তাহ আগে জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আন্তর্জাতিক সমর্থনের সমালোচনা করেছিলেন। সেই সময় তিনি বলেন,‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে বাড়তে থাকা আন্তর্জাতিক সমর্থন আসলে হামাসের জন্য পুরস্কারস্বরূপ।’
চেতনায়২৪ ডেস্ক : 





































