ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে সোমবার (১৩ অক্টোবর) দেওয়া ভাষণে এ আহ্বান জানান ট্রাম্প। খবর আল জাজিরার।
এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম চলছে।
ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে ঘণ্টাখানেকের বেশি সময় ভাষণ দেন। ভাষণে ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন, আমার একটা পরিকল্পনা আছে।
প্রেসিডেন্ট, আপনি কেন তাকে (নেতানিয়াহু) ক্ষমা করে দিচ্ছেন না? সিগারেট আর শ্যাম্পেইন—এসব নিয়ে কারও কি এত মাথাব্যথা আছে?’
২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছিল। এর একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ১০ হাজার ডলার, সিগারেট, শ্যাম্পেইন উপহার নেওয়ার অভিযোগ।
যদিও নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন। ইসরায়েলের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। তবে বিশেষ পরিস্থিতি দেখা দিলে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে।
২০২০ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। এখনো মামলাগুলোর রায় হয়নি। গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে এ বিচারপ্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে।
গত জুনে ট্রাম্প একবার নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছিলেন।
এ বিচারপ্রক্রিয়াকে একজন নির্বাচিত দক্ষিণপন্থি নেতাকে উৎখাতের লক্ষ্যে বামপন্থীদের ‘রাজনৈতিক হয়রানির’ ঘটনা বলে আখ্যায়িত করেছেন নেতানিয়াহু।
আন্তর্জাতিক ডেস্ক 





































