ভারতের জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি। টেলিভিশনের সরাসরি বিতর্কে কেরালা বিজেপির এক মুখপাত্র প্রকাশ্যে বলেন, ‘রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে।’ এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস।
রোববার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক চিঠি দিয়ে কংগ্রেস রাহুল গান্ধীর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেন, কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব টেলিভিশন বিতর্কে যে বক্তব্য দিয়েছেন, তা নিছক কটূক্তি নয়, এটি ঠাণ্ডা মাথায় পরিকল্পিত এক হত্যার হুমকি।
এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সেটা সাংবিধানিক সীমার মধ্যেই হওয়া উচিত। সরাসরি টিভি বিতর্কে কাউকে গুলি করে মারার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা গণতন্ত্রের জন্য বড় বিপদ।
চিঠিতে ভেনুগোপাল উল্লেখ করেন, রাহুল গান্ধী দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষ পর্যায়ের নেতা। তার অতীতেও একাধিকবার হত্যার হুমকি এসেছে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব হুমকির পেছনে বিজেপির ঘনিষ্ঠ লোকজনের সম্পৃক্ততার অভিযোগও তুলেছে কংগ্রেস।
চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়, গান্ধী পরিবারের সদস্যদের অতীতে প্রাণ দিতে হয়েছে, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী— দু’জনকেই রাজনৈতিক সহিংসতায় হত্যা করা হয়েছিল।
চিঠিতে স্পষ্টভাবে বলা হয়, পিন্টু মহাদেবের মন্তব্য কোনো আবেগতাড়িত বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং একটি সুপরিকল্পিত উসকানি। এটি একজন বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে হিংসা ও ঘৃণার পরিবেশ তৈরির ইঙ্গিত।
কংগ্রেস বলছে, এই ধরনের উসকানিমূলক বক্তব্য শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো গণতান্ত্রিক কাঠামোকেই ঝুঁকির মুখে ফেলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে কংগ্রেস বলেছে, আপনি যদি তাৎক্ষণিক এবং কঠোর পদক্ষেপ না নেন, তাহলে তা হত্যার হুমকিকে কার্যত বৈধতা দেওয়ার নামান্তর হবে। কংগ্রেসের মতে, এটি আপনার দায়িত্বহীনতার প্রমাণ এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ ভঙ্গেরও উদাহরণ হয়ে থাকবে।
চিঠির শেষাংশে কংগ্রেস হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি এই বিষয়ে সরকার নীরব থাকে, তাহলে তা হবে চুপচাপ সম্মতির শামিল। কোটি কোটি ভারতীয় রাহুল গান্ধীকে শুধু একজন রাজনীতিবিদ নন, বরং গণতন্ত্র ও সহিষ্ণুতার প্রতীক হিসেবে দেখেন। তার বিরুদ্ধে হুমকি মানেই ভারতের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক ডেস্ক 





































