বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অংশগ্রহণ করেনি এমন মন্তব্য করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ অভিনন্দন জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে, তাই কিছু ত্রুটিবিচ্যুতি হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন,আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু ভোটে অংশগ্রহণ করেনি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন।
তিনি আরও বলেন, ডাকসু-চাকসু যাই হোক, এখানকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছেন। কিন্তু অনেকেই এখনও সংগ্রাম করে যাচ্ছেন৷ এটাই হচ্ছে শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির পোস্টমর্টেম।
ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতীয় অথবা বড় দলের ব্যানারে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে অনেকেই জাতীয় সংসদে গেছে। কিন্তু যারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে কেউ জাতীয় সংসদে এখন পর্যন্ত আসতে পারেনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, এমন ছাত্র রাজনীতি কেউ চায় না, যে রাজনীতি ফ্যাসিস্ট তৈরি করে।
প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক পদ (এজিএস) পদে মহিউদ্দীন খান বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
চেতনায়২৪ ডেস্ক : 






































