বক্তৃতা করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই দেশে নির্বাচন হবে। এ নির্বাচন ঠেকানোর মতো কোনো শক্তি নেই। বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, পছন্দের দলকে তারা ভোট দেবে। আর পছন্দের মানুষকেই তারা প্রধানমন্ত্রীর আসনে বসাতে চায়।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জিয়া হল চত্বরে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, গত ১৬ বছর ধরে তারেক রহমান নেতৃত্ব দিয়ে আসছেন। তিনিই আগামী দিনের প্রধানমন্ত্রী। তিনি দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে পারবেন। আমরা তাকে চাই, বিএনপি তাকে চায়, বাংলার মানুষ তাকে চায়। সে জন্য আমাদের একতাবদ্ধ ও ওয়াদাবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা বিএনপিকে ক্ষমতায় আনতে পারছি না, ততক্ষণ ঢিলা দেয়া চলবে না।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
এছাড়াও বক্তব্য রাখেন- জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, নগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, শহিদ সাকিব রায়হানের বাবা আজিজুর রহমান, গণ-অধিকার খুলনা মহানগরের আহ্বায়ক বেলাল হোসেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, বেগম রেহানা ঈসা, অ্যাডভোকেট তাছলিমা খাতুন ছন্দা, যুবদল নেতা ইবাদুল হক রুবায়েত, স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান রুনু, জাসাস নেতা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
চেতনায়২৪ ডেস্ক : 






































