ইংল্যান্ডের শীর্ষ ক্লাব টটেনহাম হটস্পার জাভি সিমন্সকে দলে ভেড়ানোর জন্য ৬০ মিলিয়ন ইউরো খরচ করেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫১ কোটি টাকার সমান। ২২ বছর বয়সী ডাচ অ্যাটাকিং মিডফিল্ডার সিমন্সকে আনতে টটেনহামকে একাধিক ইউরোপীয় ক্লাবের সাথে প্রতিযোগিতা করতে হয়েছে।
সিমন্সের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত টটেনহ্যামের সঙ্গে। ডাচ ফুটবলারটি তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে সম্প্রতি ক্লাবের সাথে চুক্তি স্বাক্ষর করেন। এ বিষয়ে সিমন্স বলেন, এখানে আসার স্বপ্নটা দীর্ঘদিনের। আমি সত্যিই খুশি এবং টটেনহামের হয়ে যাত্রা শুরু করতে অপেক্ষা করতে পারছি না। এটা দারুণ ক্লাব। যখন আমি কোচের সঙ্গে সাক্ষাৎ করেছি তখনই বুঝতে পেরেছি এটাই আমার জন্য সঠিক জায়গা।
সিমন্সের পেশাদার ক্যারিয়ার শুরু হয় পিএসজির হয়ে। তবে ২০২৩ সালে তিনি জার্মান ক্লাব আরবি লাইপজিগে যোগ দেন লোনে। এরপর ২০২৪ সালে স্থায়ীভাবে সেখানকার সদস্য হন। লাইপজিগের হয়ে ৭৮ ম্যাচে ২২ গোল ও ২৪ অ্যাসিস্টের সাফল্য অর্জন করেছেন তিনি।
এবার সিমন্স লাইপজিগের অধ্যায় শেষ করে ইংল্যান্ডে নতুন চ্যালেঞ্জের দিকে পা বাড়ালেন।
স্পোর্টস ডেস্ক 






































