বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় এসেছেন বাংলাদেশে সফররত পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সাক্ষাৎকালে ইসহাক দারের সঙ্গে ছিলেন স্টেট ব্যাংক অব পাকিস্তান গভর্নর তারিক বাজওয়া, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া প্যসিফিক) ইমরান আহমেদ সিদ্দিকী।
অন্যদিকে, বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন ও খালেদা জিয়ার একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার।
শনিবার দুপুরের দিকে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকায় পৌঁছানোর পর বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার।
চেতনায়২৪ ডেস্ক : 


































