ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) নতুন কমিটির স্বীকৃতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে।
গত ১০ আগস্ট নির্বাচন কমিশন সচিবের কাছে ‘জাতীয় পার্টির ১০ম কাউন্সিল পরবর্তী নব নির্বাচিত নেতৃত্বের’ তথ্য পাঠিয়ে এ চিঠি দেয় জাপার আনিসুল-হাওলাদাররা।
এতে বলা হয়, ৯ অগাস্ট গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সারাদেশের প্রায় ৫ হাজার কাউন্সিলরের অংশগ্রহণে চার জনকে কণ্ঠভোটে কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষপদে নির্বাচিত করা হয়েছে। এছাড়া শিগগির কমিশনে হালনাগাদ তথ্য দেওয়া হবে। বাকি দুজন হলেন— সিনিয়র কো চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ ও নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বাদ দিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা শনিবার এ কাউন্সিল করে।
এ বিষয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা প্রসিডিউর মেনে কাউন্সিলরের বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা তো নিবন্ধিত ১২ নম্বর দলের (জাপা, প্রতীক লাঙ্গল) কাউন্সিল করেছি।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা বলছি এবং নির্বাচন কমিশনকে সব কাগজপত্র দিয়েছি। দেখা যাক। আমরা আগে কিছু বলতে চাই না। ইসিতে ডকুমেন্ট দিয়েছি, উনারা দেখুক, সিদ্ধান্ত দিক।
বারবার জাতীয় পার্টির ভাঙনের মধ্যে দল থেকে বেরিয়ে নিজেদের মূল ধারা দাবি করলেও ‘দলীয় গঠনতন্ত্রে’ চেয়ারম্যান জিএম কাদেরের একচ্ছত্র এখতিয়ারের কারণে এসব আবেদন ইসি আমলে নেবে কিনা ‘সংশয়’ রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ইসিতে জিএম কাদেরের দল নিবন্ধিত এবং তাদের প্রতীক লাঙ্গল। এ নিয়ে অন্য কারো কাউন্সিল আমলে নেওয়ার কথা নয়। তবুও যে কোনো ধরনের আবেদন এলে ইসির কাছে উপস্থাপন করা হবে, কমিশন বিষয়টি আলোচনা করে নিষ্পত্তি করবেন।
বিভক্তির মধ্যে নতুন অংশের দাবির বিষয়ে মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে কয়েক দফা ফোন করেও সাড়া মেলেনি।
দলের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ভাই জি এম কাদেরকে সরিয়ে রেখে জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে সম্মেলনের পর রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় শামীম হায়দার বলেছেন, মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছেন। জাতীয় পার্টির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জিএম কাদেরের অনুসারীরা। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে তৃণমূল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছে।
চেতনায়২৪ ডেস্ক : 




































