বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, “আজকে তারা নন ইস্যুকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য বিএনপির বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান আর বক্তব্য দিয়েছে। যেটা আমাদের রক্তকে গরম করে দিয়েছে।
রোববার (২০ জুলাই) দুপুরে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের সামনে জেলা কৃষকদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, আমরা অনেক ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছি। তারা গাঁয়ে পা দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে চায়। পতিত স্বৈরাচার সরকারকে ফিরিয়ে আনার জন্য, রাজনীতিতে পুনর্বাসনের জন্য তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচার সরকার বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবে না।
নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন – জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, বিজি রশিদ নওশের, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ, কৃষক দলের সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েল প্রমুখ।
পরে নেতৃবৃন্দ আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
চেতনায়২৪ ডেস্ক : 






































