বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী আর গরীবকে গরীব বানায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর চকবাজার শাহী মসজিদ চত্বরে এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চকবাজার থানা শাখা আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, আজকে পুরো বাংলাদেশের অর্থনীতি ২০—২৫ পরিবারের কাছে আটকা। চৌদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের ঋণ, আজকে জন্ম নেয়া শিশুটাও দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে । সিঙ্গাপুর মালেশিয়ার সাথে একই সময়ে স্বাধীন হলেও আজ কোথায় সিঙ্গাপুর মালেশিয়া আর কোথায় বাংলাদেশের অবস্থান।
বাংলাদেশের মেধাবীদেরকে মূল্যায়ন না করে জেলে আটকে রাখা হয়, রাজনীতির নামে শিক্ষার্থীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দেয়া হচ্ছে খুনি ও ধর্ষক বানানো হচ্ছে বলেও জানান তিনি।
সমাবেশে বক্তারা, ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ , ছাত্র জনতার গণ বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার , দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সহ সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবী তুলে ধরেন।
ইসলামী আন্দোলনের চকবাজার থানা সভাপতি মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ডা. শহীদুল ইসলাম, কে এম শরিয়তুল্লাহ, মুফতি আখতারুজ্জামান, হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া , সাইফ মোঃ আলাউদ্দিন, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার : 





































