হিজবুত তাহরীরের মিছিলটি পুলিশ শুরুতেই থামাতে পারতো বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেছেন, গতকাল শুক্রবার (৭ মার্চ) হিজবুত তাহরীরের মিছিলটি চাইলে প্রথমেই থামানো যেতো। কিন্তু সাধারণ মুসুল্লিদের থেকে তাদের আলাদা করতে সময় নেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় সাতজন জড়িত ছিলে বলেও জানিয়েছেন তিনি। যার মধ্যে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি ডিএমপি কমিশনারের। তিনি বলেন, এই গ্রুপের নেতার নাম কাওসার। এই ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র, স্বর্ণ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মব জাস্টির নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা মব জাস্টিস করে কোনো বাসা বা অফিসে তল্লাসি চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিং মল ও মার্কেটগুলোতে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি।
ডিএমপি কমিশনার বলেন, আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট, শপিং মলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করানো হবে। তাদের ক্ষমতা থাকবে গ্রেপ্তারেরও। ঢাকা মেট্রোপলিটন আইনবলে এসব লোকবল নিয়োগ দেওয়া হয়েছে।
চেতনায়২৪ ডেস্ক : 


































