বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট খেলছে ভারত। ইতিমধ্যে চেন্নাই টেস্ট ২৮০ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ম্যান ইন ব্লুরা। ম্যাচ হারলেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন টাইগার পেসাররা যার সুবাধে আইসিসি থেকে সুখবর পেয়েছেন বাংলাদেশের তিন পেসার। অন্যদিকে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার ভিতরের ৮২ রানের ইনিংস খেলেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এমন ইনিংসের পর আইসিসি থেকে তিনও সুখবর পেয়েছেন।
কানপুরে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের আগে আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। র্যাঙ্কিংয়ে দেখা যায়, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন শান্ত। বড় ব্যবধানে হারার ম্যাচে শান্তর সতীর্থদেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন হাসান মাহমুদ।
অপরদিকে টাইগার পেসার তাসকিন আহমেদও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। ভারতের বিপক্ষে দুই ইনিংস মিলে ৪ উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন তিনি। নাহিদ রানা এগিয়েছেন ১ ধাপ, রয়েছেন ৭৮ নম্বরে। এদিকে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ২১ ওভার বোলিং করে খরচ করেন ১২৯ রান (৬.১৪ ইকোনমি)। পাননি কোনো উইকেট। ফলে ৬ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৩তম স্থানে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ১১৩ রান ও ৬ উইকেট নিয়ে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে জায়গাটা ধরে রেখেছেন তিনি। ৪৮ পয়েন্ট বেড়ে অশ্বিনের রেটিং পয়েন্ট এখন ৩৭০। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪৭৫। ৮৬ রান ও ৫ উইকেট নিয়েছেন তিনি।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১ ধাপ উন্নতি করে ৫ম স্থানে উঠেছেন ভারতের যশস্বী জায়সওয়াল। ৫ ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠেছেন শুবমান গিল। ৩ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠেছেন রবীন্দ্র জাদেজা। অসাধারণ এক সেঞ্চুরি হাঁকানো রবিচন্দ্রন অশ্বিন এগিয়েছেন ৭ ধাপ, রয়েছেন ৭২তম স্থানে।
এদিকে টেস্ট ক্রিকেটে ফিরেই র্যাঙ্কিংয়ের ৬ষ্ঠ স্থানে রয়েছেন পান্থ। ৫ ধাপ করে পিছিয়েছেন ভারতের দুই ব্যাটিং গ্রেট রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রোহিত আছেন ১০ম স্থানে, কোহলি রয়েছেন ১২ নম্বরে। তবে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে টপ ফোরে কোনও পরিবর্তন হয়নি। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট এখনও ৮৯৯ রেটিং নিয়ে শীর্ষস্থানে রয়েছেন। একই সময়ে ৮৫২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ৭৬০ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ৭৫৭ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছেন।
স্পোর্টস ডেস্ক 






































