চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করেছে টাইগাররা। তবে দেখা মিলেছে সেই পুরনো লাল-সবুজের দলেরই। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেও দলীয় সংগ্রহ আড়াইশ ছুঁতে পারেনি নাজমুল শান্তর দল। ওপেনিংয়ে নামা অধিনায়ক শান্তর ১১০ বলে খেলা ৭৭ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৩৬ রানের দলীয় সংগ্রহ গড়তে পেরেছে টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে দুইটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। সৌম্য সরকার ও তানজিম সাকিবের বদলে দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। সৌম্য না থাকায় আজ ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছেন অধিনায়ক শান্ত। দুজন মিলে কিউই পেসারদের বিপক্ষে শুরুটা করেছিলেন দারুণ।
নিউজিল্যান্ডের বোলারদের দেখেশুনে খেলে রান তুলছিলেন এ দুজন। তবে নবম ওভারে নবম ওভারে ব্যর্থ হন তামিম। ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। আউট হওয়ার আগে ২৪ রান করেছেন তিনি। এদিকে তামিম ফেরার পর ক্রিজে শান্তর সঙ্গী হন মেহেদী মিরাজ।
ভারতের বিপক্ষে ম্যাচে মিরাজ খেলেছিলেন চার নম্বরে। তবে আজ তিন নম্বরেই ব্যাট করেছেন তিনি। তিনে খেলতে নেমে নিজেকে মেলে ধরতে পারেননি টাইগার এই অলরাউন্ডার। শান্তর সঙ্গে জুটিতে স্কোরবোর্ডে ১৯ রান তুলে উইল ওরুর্কের বলে মিচেল স্যান্টনারের ক্যাচ হয়ে ফিরতে হয় তাকে। আউট হওয়ার আগে করেছেন ১৩ রান।
মিরাজ আউট হলে ক্রিজে শান্তর সঙ্গী হন হৃদয়। আগের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের সময় মাঠে নেমে লড়াকু এক শতকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন হৃদয়। তবে আজ আগেভাগেই আউট হয়েছেন টাইগার এই ব্যাটার। ব্রেসওয়েলের বলে ক্যাচ তুলে আউট হওয়ার আগে শান্তর সঙ্গে জুটিতে স্কোরবোর্ডে যোগ করেছেন ৩৩ রান। ২৪ বলে ৭ রান করে আউট হন হৃদয়।
চতুর্থ উইকেটে শান্তর সঙ্গী হন মুশফিকুর রহিম। এদিকে একপ্রান্তে বাংলাদেশ নিয়মিত উইকেট হারালেও অপরপ্রান্তে লড়েছেন শান্ত, তার ব্যাটেই দলীয় ১০০ রানের সংগ্রহ পার করেছে বাংলাদেশ, শান্তও পেয়ে যান ফিফটির দেখা। এদিকে শান্ত ফিফটি পেলেও দলের দুই অভিজ্ঞতম ব্যাটার আজ হাল ধরতে পারেননি। মাহমুদউল্লাহ-মুশফিক দুজনই এক অঙ্কের ঘরে থাকতেই আউট হন।
এরপর ক্রিজে শান্তর সঙ্গী হয়েছিল জাকের আলী অনিক। এ দুজন মিলে প্রতিরোধ গড়ে দলের সংগ্রহ বাড়াচ্ছিলেন। তবে জুটিতে স্কোরবোর্ডে ৪৫ রান যোগ হওয়ার পরই আউট হন শান্ত। ১১০ বলে ৭৭ রান করে তিনি আউট হন।
শান্ত আউট হওয়ার পর মাঠে নামা রিশাদ হোসেন ২৫ বলে ২৬ রান করে আউট হন। এদিকে ৪৯তম ওভারে জাকের আলী ৫৫ বলে ৪৫ রান করে রান আউট হলে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৩৬ রানে।
চেতনায়২৪ ডেস্ক : 






































