লক্ষ্মীপুরে হিরালাল দেবনাথ (৫৫) নামে এক স্বর্ণ ব্যাবসায়ীকে চুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজীর দীঘির পাড় সংলগ্ন তেতুল গাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে।
হিরালাল ওই এলাকার গোবিন্দ ডাক্তার বাড়ির প্রফুল্ল দেবনাথের ছেলে এবং কাজির দিঘির পাড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী।
দোকান বন্ধ বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিতে তাকে ধারালো চুরি দিয়ে আঘাত করে বলে জানিয়েছে বাজুস নেতৃবৃন্দ। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।
এদিকে ঘটনার পর লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা হাসপাতালে এসে নিহতের স্বজনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
স্থানীয়রা জানায়, হিরালাল দেবনাথ কাজীর দিঘির পাড় বাজারের মাতৃ শিল্পালয়ের মালিক। রাত ৯ টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাবার পথে একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে তার বিকে চুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।
নিহতের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মো. নিজাম উদ্দিন 





































