আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী সমাজ।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবান পার্বত্য জেলার সকল সনাতনী সংগঠনের ব্যানারে কয়েকশত সনাতনী নারী পুরুষ জড়ো হয়ে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় নেতা ও আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরে করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। বক্তারা এই সময় আরো বলেন, দেশে কোন পট পরিবর্তন হলে সনাতনী ধর্মালম্বীদের ওপর নানাভাবে জুলুম ও অত্যাচার শুরু হয়ে যায়, আর এই সময়ে যারা সমাজে বিশৃঙ্খলা করছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং সনাতনীরা যাতে সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে পারে তার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন সনাতনী সমাজ।
এদিকে বিক্ষোভ সমাবেশ শেষে সনাতনী নারী ও পুরুষেরা জয় শ্রী রাম, জয় শ্রী রাম ধ্বনিতে বান্দরবানের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে গিয়ে কর্মসূচীর সমাপ্ত করে।
উল্লেখ্য, বুধবার (৩০ অক্টোবর) রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মো.ফিরোজ খান (৪৯) নামে এক ব্যক্তি ইসকনের চিন্ময় কৃষ্ণসহ আরো কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুন্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারীসহ আরো বেশ কয়েকজনের সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের নাম রয়েছে।
সোহেল কান্তি নাথ 





































