মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছে চীন। বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে চরম উত্তেজনার প্রেক্ষাপটে মঙ্গলবার বেইজিং সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বুধবারের বৈঠকে ওয়াং ই জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ এবং এই মুহূর্তে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। তিনি দুই পক্ষকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বেইজিংয়ের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে চীনের এই কঠোর অবস্থানের জন্য ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ ও ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, বেইজিং সবসময়ই তেহরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকবে। ইরানের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না জানিয়ে তিনি বলেন, তেহরান কেবল একটি ‘ন্যায্য চুক্তি’ মেনে নিতে প্রস্তুত।
সূত্র: এমএএ
আন্তর্জাতিক ডেস্ক 





































