গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় অভিযানে ব্যবহৃত পুলিশের দুটি গাড়ি ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে হামলাকারীরা আটক দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী কলেজ এলাকার একটি বাড়িতে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী—লাকী আক্তার, জাহাঙ্গীর হোসেন ও মো. রাজীবকে আটক করা হয়।
আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, রামদা ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে অভিযানে ব্যবহৃত পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এই বিশৃঙ্খলার সুযোগে হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর হোসেনসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়।
হামলায় থানার এসআই অরূপ কুমার বিশ্বাস ও এসআই মুহাম্মদ মাসুদ রানাসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শ্রীপুর থানার এসআই অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০–৯০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পাশাপাশি মাদক উদ্ধারের ঘটনায় পৃথক আরেকটি মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করেছে।
চেতনায়২৪ ডেস্ক : 





































