ঝালকাঠির কাঠালিয়ায় মাত্র ১৭০ টাকা হারানোর জেরে মাদরাসা পড়ুয়া ভাতিজি লামিয়া আক্তারকে (১৪) শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে।
এ ঘটনায় নিহত কিশোরীর মা লিলি বেগমও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঝালকাঠির কাঠালিয়ায় মাত্র ১৭০ টাকা হারানোর জেরে মাদরাসা পড়ুয়া ভাতিজি লামিয়া আক্তারকে (১৪) শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় নিহত কিশোরীর মা লিলি বেগমও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বুধবার (৩১শে ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার অভিযুক্তের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে এবং উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত চাচার নাম জাকির হোসেন খান।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জাকির হোসেনের পকেট থেকে ১৭০ টাকা খোয়া যাওয়াকে কেন্দ্র করে আজ বিকেলে পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাকির ক্ষিপ্ত হয়ে লামিয়ার মা লিলি বেগমকে মারধর শুরু করেন। মাকে বাঁচাতে লামিয়া এগিয়ে এলে জাকির তাকেও শাবল দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন।
এতে মা ও মেয়ে দুজনেই গুরুতর আহত হন। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। আহত লিলি বেগম বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান জানান, ঘটনার বিষয়ে তিনি অবগত আছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চেতনায়২৪ ডেস্ক : 




































