কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজ মোড় থেকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এ মানববন্ধনে জেলার ১৩টি উপজেলা থেকে আগত জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শহরের ১০টি স্থানে পৃথক পৃথক স্পটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার আমির অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম।
দিনাজপুর ইনস্টিটিউটের সামনে বক্তব্য দেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির, দিনাজপুর-৬ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বক্তব্য দেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাহাদ্দিস ড. এনামুল হক।
সরকারি কলেজ মোড়ের স্পটে বক্তব্য দেন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আ. স. ম. ইব্রাহীম, বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান এবং শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন। সুইহারি স্পটে বক্তব্য রাখেন জেলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি মো. তৈয়ব আলী এবং শহর জামায়াতের সাবেক নায়েবে আমির মো. তোয়াব আলী মোল্লা প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে পিআর পদ্ধতির দাবি বাস্তবায়ন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারিসহ ৫ দফা দাবি মেনে নেয়ার আহব্বান জানান।
চেতনায়২৪ ডেস্ক : 




































