লক্ষ্মীপুরে একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের ছদর উদ্দিন ভূঁইয়া বাড়ীর সামনের রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবার কচুরিপানার নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যা করে মৃতদেহটি ডোবায় ফেলে গেছে। প্রায় ২৮ থেকে ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে গেঞ্জি এবং লুঙ্গি ছিল। তার পরিচয় শনাক্ত হয়নি।
স্থানীয়রা জানান, বিকেলে নাছির উদ্দিন নামে এক ডোবায় জাল দিয়ে মাছ শিকারে যান। তার নাকে পঁচা দুর্গন্ধ আসলে তিনি কচুরিপানার নীচে থাকা মৃতদেহটি দেখতে পান।
খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, মৃতদেহটি দুই থেকে তিন দিন পূর্বের হবে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পিবিআই টিম এসেছে। মৃত ব্যক্তির হাতের আঙুলের চাপ নেওয়া হয়েছে। আশাকরি দ্রুত পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ নিজাম উদ্দিন 





































