নিহতদের মৃত্যুর কারণ নির্ণয় করতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে মাদ্রাসাছাত্রসহ দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার তারাবো পৌরসভার মারকাজ মসজিদের পাশের পুকুর থেকে সালমান (১৬) নামে এক কিশোরের এবং গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া কাঠপট্টি এলাকায় আরেকটি পুকুর থেকে আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত মোহাম্মদ সালমান উপজেলার তারাবো পৌরসভার বরাবো পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। এছাড়া নিহত আলমগীর হোসেন উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের হাটাবো এলাকার সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তারাবো এলাকায় মারকাজ মসজিদ সংলগ্ন একটি পুকুরে এক কিশোরের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করলে স্বজনরা গিয়ে সালমানের মরদেহ শনাক্ত করেন। এর আগে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে মাদ্রাসা ছাত্র সালমান ওই পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
এদিকে, শনিবার দুপুরে গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া কাঠপট্টি এলাকায় একটি কমিউনিটি সেন্টারের পাশের পুকুরে আলমগীর হোসেনের মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করলে পরিবারের সদস্যরা গিয়ে শনাক্ত করেন। গতকাল শুক্রবার রাতে আলমগীর ওই পুকুরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতদের মৃত্যুর কারণ নির্ণয় করতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুটি ঘটনায় পৃথক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চেতনায়২৪ ডেস্ক : 





































